যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের কারণে ৬৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে এখন পর্যন্ত প্রায় ৭০০টি বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আমেরিকান রেড ক্রস।
বার্তা সংস্থা আনাদোলু জানায়, দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পোকেন কাউন্টি, যেখানে শত শত বাড়ি পুড়ে গেছে।
এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পোকেন কাউন্টি পুলিশ। তদন্তকারীদের ধারণা, তিনি ‘ওল্ড ট্রেইলস ফায়ার’ নামে পরিচিত বড় দাবানলের সঙ্গে জড়িত।
দাবানল নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করছেন। কিছু এলাকায় আবহাওয়া অনুকূলে থাকায় আগুন নিয়ন্ত্রণে অগ্রগতি হলেও স্পোকেন ও স্টিভেন্স কাউন্টির আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
শনিবার শুরু হওয়া এসব দাবানলে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার একর (৩ হাজার ২০০ হেক্টরের বেশি) এলাকা পুড়ে গেছে।
এদিকে, বজ্রপাত থেকে সৃষ্টি হওয়া সিনলাহেকিন দাবানলে প্রায় ৮৫ হাজার একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ৮২০ জনের বেশি কর্মী কাজ করছেন।
এ ছাড়া লিটল জায়ান্ট ফায়ার নামে আরেকটি দাবানলে ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্টের ৫১ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে।
কর্তৃপক্ষের মতে, দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে এ বছর ওয়াশিংটনে দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
সূত্র: আনাদোলু
