যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা আপাতত স্থগিত রাখতে তিনি মার্কিন বাহিনীকে নির্দেশ দেবেন। তার দাবি, মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা পাঁচ মাসের সংঘাতের অবসানে একটি নতুন সমঝোতার মৌলিক কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছেছে।

শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সম্ভাব্য এই সমঝোতায় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকি দূর করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

Advertisement

তিনি বলেন, বিশ্বের স্থিতিশীলতা এবং একটি সমৃদ্ধ ইরানের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত চুক্তি সম্পন্ন হওয়ার শর্তে তিনি হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েলও যুদ্ধের অবসান ঘটাতে এই কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সৌদি আরবের উদ্বেগ

এদিকে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সংঘাত বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ইরান পাল্টা হামলায় সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে পারে—এমন আশঙ্কা রিয়াদের রয়েছে।

মধ্যপ্রাচ্যে নতুন ভ্রমণ সতর্কতা

সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে। এতে বাহরাইন, ইসরায়েল, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত বিঘ্নের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।