পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তার জামিন বাতিলের লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি ল ফার্ম নিয়োগ করেছে বলেও জানান তিনি।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, বিষয়টি জানার পরপরই স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেন এবং দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কয়েক দিন আগেই এ মামলার জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছে এবং তাদের বেনজীর আহমেদের জামিন বাতিলের আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারার শর্তে বেনজীরকে জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্তসংবলিত আদালতের প্রত্যয়িত কপি সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, সরকার আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে এবং আশা করছে জামিন বাতিল করে দ্রুত বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

এর আগে সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করবে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন।