লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পানির পাইপলাইন স্থাপনের জন্য মাটি খননের সময় তিনটি মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশে নিরাপত্তা প্রাচীরসংলগ্ন এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুগুলো নিরাপদে থানায় সংরক্ষণ করা হয়েছে। এগুলোর প্রকৃত পরিচয় ও কার্যকারিতা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন বসানোর জন্য কয়েকজন শ্রমিক মাটি খনন করছিলেন। খননের একপর্যায়ে মাটির নিচে ধাতব যুদ্ধাস্ত্র সদৃশ তিনটি বস্তু দেখতে পান তারা।

প্রথমে শ্রমিকরা বস্তুগুলো মাটি থেকে তুলে দেখেন এবং কয়েকটি ছবি তোলেন। পরে নিরাপত্তার স্বার্থে সেগুলো আবার মাটিতে রেখে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান।

খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এনে লাল টেপ দিয়ে চিহ্নিত করে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন,

“ঘটনাস্থল থেকে তিনটি মর্টার শেল বা রকেট সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সেগুলো থানায় সংরক্ষণ করা হয়েছে। জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করবে।”

তিনি আরও জানান, বিশেষজ্ঞদের পরীক্ষার আগে বস্তুগুলো কার্যকর বিস্ফোরক কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের পরীক্ষা শেষে বস্তুগুলোর প্রকৃতি এবং প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।