ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল জরিমানা আদায় কার্যক্রম চালুর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর এবং POS মেশিন ও বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান।
জেলা পুলিশ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আইটিসিএলের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল জরিমানা আদায় কার্যক্রম বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করা হয়। একই সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যদের POS মেশিন ও বাংলা কিউআর ব্যবহারের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায়, POS মেশিন পরিচালনা, বাংলা কিউআরের মাধ্যমে নিরাপদ ও সহজ লেনদেন, সেবার স্বচ্ছতা ও দ্রুততা বৃদ্ধি এবং নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস লেনদেন চালুর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, “ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা আমাদের লক্ষ্য। ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থা চালু হলে নাগরিকরা সহজ, দ্রুত ও ঝামেলামুক্তভাবে জরিমানা পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে সেবার মান বাড়বে এবং স্মার্ট পুলিশিং বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মো. আমিরুল ইসলাম, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা, আইটিসিএলের প্রতিনিধিসহ চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।