চুয়াডাঙ্গার আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেলচালক নিহত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা পৌরসভার তালতলা এলাকার শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি মোটরসাইকেলের যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করতে পরীক্ষামূলকভাবে সেটি চালাচ্ছিলেন আব্দুল্লাহ। আলুকদিয়া বাজারের একটি তেল পাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”