দেশজুড়ে হামের প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে দেশে ১৯৭ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরও ৯৭৪ জনের শরীরে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় মোট ১৪ হাজার ১০৪ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৪ হাজার ২৭৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের সময়মতো টিকাদান সম্পন্ন করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।