ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ে অবৈধভাবে নদী তীরবর্তী জায়গা ভরাটের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেয়া হয়েছে।

গত বুধবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সদর উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদীর তীর ভরাট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে তিতাস নদীর তীরবর্তী জমি ভরাটের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে মামলা করে ২ লাখ টাকা অর্থদন্ড করা হয়।

অভিযুক্ত আজিজুর রহমান লিটন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত ছিলেন। তার কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট নাসরিন বলেন, নদী দখল, অবৈধ বালু উত্তোলন এবং পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী রক্ষায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।