তাহিরপুর সদর ইউনিয়নের শিশু-কিশোরদের সংগঠন ইম্প্যাক্ট প্লাস-এর উদ্যোগে মানসিক ভারসাম্যহীন শিশু তমালিকা আক্তারের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি তমালিকা আক্তারের পরিবারের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক মো. হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মো. শফিউদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তাহিরপুর এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মো. মহসিন খান এবং পাভেল হোসেন।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শিশু-কিশোরদের এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা তমালিকা আক্তারের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও দানশীলদের সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য, ইম্প্যাক্ট প্লাস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় গঠিত ১২ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের একটি সংগঠন। সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তাহিরপুর এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মো. মহসিন খান বলেন, শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলাই ইম্প্যাক্ট প্লাসের অন্যতম লক্ষ্য। তমালিকা আক্তারের চিকিৎসায় শিশু-কিশোরদের এই উদ্যোগ সত্যিই অনুকরণীয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।