যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ইরানকে দেওয়া যুদ্ধবিরতির শর্ত বা দাবিগুলো মেনে না নিলে আজ রাতেই ওই দেশে একটি পুরো সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার তিনি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এই হুমকি দিয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা গেছে, ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘‘আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে।’’ তিনি আরও প্রশ্ন করেছেন, ‘‘কে জানে কী হয়?’’
যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির সময়সীমা ইরানকে দেওয়া আল্টিমেটামের সঙ্গে সম্পর্কিত। প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার তেহরানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দাবিগুলো মানার নির্দেশ দিয়েছেন। তার এই আল্টিমেটাম শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক স্থাপনায় আক্রমণ চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠাতে সক্ষম। তবে তিনি এই মুহূর্তে কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাননি।
মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারি বিশ্বরাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা যোগ করেছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
