ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই যোদ্ধা, সিলেট-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

একই কর্মসূচিতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে সিসিকের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় সিলেট সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর আন্দোলনে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মদান দেশের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে।