কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৫ জুলাই) রাতে মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার (১৫ জুলাই) রাতে মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন সাময়িকভাবে পদ স্থগিত থাকা মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর।

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: গ্রেফতার ৩

রাত সাড়ে আটটার দিকে কামালপুর গ্রামে নিজের বাড়ির গেটের সামনে পৌঁছলে ৩/৪ জনের সশস্ত্র দুর্বৃত্তদল তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে এগারোটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। হামলায় আহত অপরজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার সময় চাপাতিসহ এক হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। খবর পেয়ে রাতেই হাসপাতালে যান কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর অভিযান জোরদার করে আরও দুজন হত্যাকারীকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে হামলায় তিনজন জড়িত এবং তারা সবাই ঢাকার বলে জানিয়েছে পুলিশ। ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তবে হামলাকারীদের আটক এবং এ ঘটনার নেপথ্যে কারা জড়িত সেটি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।