ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে একটি যাত্রীবাহী স্টীল বডির নৌকা থেকে ৩০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।পরে জব্দ করা জালগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট মনপুরা-এর কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে এবং উপজেলা মৎস্য বিভাগের অনুমতিক্রমে উপজেলার জনতা ঘাটসংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী স্টীল বডির নৌকায় অভিযান চালানো হয়।

অভিযানে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৩০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
পরে মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কাজল রেখার উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কোস্ট গার্ডের সদস্য, উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কাজল রেখা বলেন, “নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জলাশয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ জাল ব্যবহারের ফলে বড় মাছের পাশাপাশি পোনা ও ডিমও ধ্বংস হয়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে এ ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।”
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।