ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ (Bangla QR) প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় নগরীর ছোটবাজারে অগ্রণী ব্যাংক পিএলসির চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির সার্কেল সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক হোসনে আরা খানম এবং মো. আইয়ুব আলী।

বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ, দ্রুত ও সহজ ডিজিটাল লেনদেন নিশ্চিত করা সম্ভব। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গ্রাহকদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে গণসচেতনতা তৈরির ওপর তারা গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া বাংলা কিউআর দেশের বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে আন্তঃসংযোগভিত্তিক কিউআর পেমেন্ট ব্যবস্থা হিসেবে ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মতবিনিময় সভা শেষে বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোটবাজারস্থ অগ্রণী ব্যাংক চত্বরে এসে শেষ হয়।

এ সময় অগ্রণী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।