ফেনীর পরশুরামে বিনামূল্যে ৩ হাজার মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি। ১৫ জুলাই বুধবার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার পরশুরাম পৌরসভার পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি মানবিক সেবামূলক কর্মসূচী পালন করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ এবং শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করে থাকে।
শিক্ষার্থী, নারী-শিশু, যুবক ও বৃদ্ধ জনসাধারণকে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক (গাইনী, শিশু, মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ) বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, প্রয়োজনীয় ঔষধ বিতরণ, চক্ষু রোগীদের চশমা প্রদান, রক্তের গ্রুপ নির্ধারণ এবং ডায়াবেটিস পরীক্ষা করাসহ তাৎক্ষণিক রির্পোট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান।