শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নোয়াখালী সদর উপজেলার হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময়ের অবহেলিত ও করুণ দশা থেকে বিদ্যালয়টিকে নান্দনিক ও মনোরম শিক্ষাঙ্গনে রূপান্তর করে অভাবনীয় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক রাবেয়া খাতুন।
সম্প্রতি প্রকাশিত বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। মোট ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৫ জনই বৃত্তি লাভ করেছে, যার মধ্যে ১৫ জন ট্যালেন্টপুল এবং ২০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, বরং বিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নেরই বহিঃপ্রকাশ।
গত ১২ নভেম্বর ২০২৪ তারিখে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই রাবেয়া খাতুন বিদ্যালয়ের হাল ধরেন। বিগত ১০ বছর ধরে যে বিদ্যালয়টি ছিল চরম অবহেলার শিকার ও অবকাঠামোগত সংকটে জর্জরিত, প্রধান শিক্ষকের সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্বে আজ তা এক নান্দনিক বিদ্যাপীঠে পরিণত হয়েছে। তিনি নিজের লক্ষ্য স্থির রেখে প্রতিকূলতাকে জয় করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোর আমূল পরিবর্তন ঘটিয়েছেন।
এই সাফল্যের পেছনে রয়েছে প্রধান শিক্ষকের নিরলস পরিশ্রম এবং বিদ্যালয়ের একদল আন্তরিক, দক্ষ ও অনুগত সহকর্মীর অকুণ্ঠ সমর্থন। যদিও বিদ্যালয়ের অগ্রযাত্রায় কিছু সহকারী শিক্ষকের অসহযোগিতামূলক আচরণ এক ধরনের বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে, যা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য মোটেও কাম্য নয়। তবুও দমে যাওয়ার পাত্র নন এই গুণী প্রধান শিক্ষক। সকল বাধা ও সীমাবদ্ধতাকে পেছনে ফেলে তিনি বিদ্যালয়ের লক্ষ্য অর্জনে অবিচল থেকে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের সাফল্যের এটিই প্রথম নজির নয়। এর আগে চর শোল্লা ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি তার অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টিকে চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি এনে দিয়েছিলেন। সেই অভিজ্ঞতাই আজ তিনি হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োগ করছেন।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা, প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের এই ধারা অব্যাহত থাকলে অচিরেই হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তার এই যাত্রায় বিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা এখন সময়ের দাবি।
সাফল্যের কারিগর রাবেয়া খাতুন, হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমূল পরিবর্তন