বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, মুহিমা, তাসিন, প্রত্যয়, মিনহাজ, ফাহাদ, ইয়াদসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মুহিমা আক্তার অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটি ভুল ছিল এবং বাকি প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন। তিনি বলেন, এ কারণে কেউ ফেল করলে তার দায় শিক্ষামন্ত্রী নেবেন কি না।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তাসিন আরাফাত বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ কেউ পথে দুর্ঘটনার শিকার হয়েছেন, আবার অনেকের প্রবেশপত্র বৃষ্টিতে নষ্ট হয়েছে। এসব পরিস্থিতির দায়ও শিক্ষামন্ত্রীর নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সাথে শিক্ষার্থীদের কথা বিবেচনায় না নেয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল এবং প্রশ্নের মান ছিল অস্বাভাবিকভাবে কঠিন। তাঁদের দাবি, অভিন্ন প্রশ্নপত্র অতীতের তুলনায় অনেক বেশি কঠিন হওয়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। আমাদের নতুন পরীক্ষা পদ্ধতিতে শিক্ষা না দিয়ে পরীক্ষা নেয়া ঠিক হয়নি। আমরা ২ বছর ধরে পড়াশোনা করেছি যে পদ্ধতিতে সে পদ্ধতিতে পরীক্ষা হয়নি। আমরা চাই আগে শিক্ষা পদ্ধতি ঠিক করুক তারপর পরীক্ষা নেন। এভাবে আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন মিলন সাহেব। আমরা এমন শিক্ষামন্ত্রী চাই না।
এই কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, পৌর ডিগ্রী কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজ, ইউনাইটেড কলেজসহ অন্তত ৮ থেকে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা “দফা এক” দাবি এক- শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে- পোল্টি/ফার্মের মুরগি’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন শ্লোগান দেয়।
