শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর বিপুলসংখ্যক শিক্ষার্থী বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি শান্ত করতে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও শিক্ষার্থীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন, ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দেন—এমন একজন ব্যক্তিকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো শিক্ষা বোর্ডের এখতিয়ারের মধ্যে পড়ে না। তারপরও পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের ফলে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন এবং পরিস্থিতি শান্ত ছিল।