২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন ধর্মীয় ও জনসেবামূলক প্রতিষ্ঠানের সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত অর্থের চেক বতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে এক অনুষ্ঠানে ৬৬টি প্রতিষ্ঠানের কমিটির কর্মকর্তার হাতে চেক তুলে দেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

এ প্রকল্পের আওতায় ৪২টি মসজিদ, ১৪টি মাদ্রাসা, ৫টি মন্দির, ২টি স্কুল, ২টি ক্লাব ও ১টি এতিমখানায় মোট ৭১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, সরকারের টিআর কর্মসূচির মাধ্যমে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে। তিনি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান। যে কোন প্রয়োজনে প্রতিষ্ঠানের পাশে থাকার আশ্বাসও দেন প্রশাসক।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, তত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার আমিনুল ইসলাম,মানস বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ধর্মীয় ও জনসেবামূলক প্রতিষ্ঠান কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।