ব্রাহ্মণবাড়িয়ায় সীমনা-বিজয়নগর সড়কের পাশে পেলুনপুর, রাজাবাড়ি এলাকায় উন্নয়ন প্রকল্পে বসতবাড়ি, কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পেলুনপুর, রাজাবাড়ি ও দক্ষিণ রাজাবাড়ি এলাকাবাসীর আয়োজনে সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উদীচী শিল্প গোষ্ঠী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড সাজিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া ইউনেস্কো ক্লাবের সভাপতি আমির ফারুক, টিওসির সাধারণ সম্পাদক আল মাহমুদ, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন বাবুল মাস্টার এবং ওমর ফারুক প্রমুখ।
মানববন্ধনে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড সাজিদুল ইসলাম বলেন, “সিমনা- বিজয়নগর সড়কের পাশে পেলুনপুর, রাজাবাড়ি এলাকার মানুষকে উন্নয়ন করার পরিকল্পনা করা হচ্ছে। এই উন্নয়নের নামে জীববৈচিত্র, কৃষি জমি ধ্বংস করা সহ স্থানীয় আদিবাসীদের উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। আমরা অনতিবিলম্বে এই প্রকল্প বাতিল করার দাবি জানাই।
মানববন্ধনে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জহিরুল ইসলাম স্বপন বলেন, সিমনা-বিজয়নগর সড়কের পাশে পেলুনপুর, রাজাবাড়ি, দত্ত খোলা এলাকার কৃষি জমি রক্ষা করতে হবে। এগুলো ধ্বংস করে কোন উন্নয়ন প্রকল্প হতে পারে না। আবাসন করতে হলে এটা পরিকল্পিতভাবে করতে হবে। জলাশয়, নদী, কৃষি জমি, ধ্বংস না করে জনস্বার্থ বান্ধব কার্যক্রম পরিচালনা করতে হবে।
