অবশেষে ৩ দিন পর মায়ের করা মামলা থেকে জামিন পেলেন ছেলে রাশেদুল ইসলাম জাকির। একটি আলোচিত মামলায় গত বৃহস্পতিবার তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতারের পর তিনি কারাগারে ছিলেন। অভিযোগ উঠেছিল নিজের মাকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে মামলা করানো হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এই মামলার সূত্রপাত হয়। মামাদের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই নিজের মাকে দিয়ে এই মামলা দায়ের করান মামারা।
গত বৃহস্পতিবার গ্রেফতারের পর থেকেই জাকিরের পরিবার ও এলাকাবাসী দাবি করেন জাকির সম্পূর্ণ নির্দোষ। তারা বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।

এলাকাবাসীর মতে ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম জাকির একজন সৎ ও সামাজিক ন্যায়পরায়ন মানুষ। সে কখনোই কোন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকতে পারেন না। এদিকে মামলার বিষয়টি সামনে আসার পর পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়াতে প্রচারিত সংবাদ পর্যালোচনা করে আদালতে উপস্থাপন করা হয় বিভিন্ন তথ্য-প্রমাণ ও যুক্তি। দীর্ঘ শুনানি শেষে আদালত রাশেদুল ইসলাম জাকিরের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে দেখা যায় স্বস্তি।

এ বিষয়ে রাশেদুল ইসলাম জাকির বলেন, আমি আগেও বলেছি যে আমার নামে আমার মাকে ভুল বুঝিয়ে মামলা করানো হয়েছে। আমি কখনোই আমার মায়ের সাথে কোন খারাপ আচরন করিনি। আমি সব সময়ই আমার মায়ের ভরনপোষণ করেছি। আমি কোনদিনও আমার মাকে বাড়ী থেকে বের করে দেয়ার কথা মুখেও আনিনি। ন্যায়বিচারের পথে ধৈর্য ও সত্যের গুরুত্ব কতটা অপরিসীম সেটা জামিনের মাধ্যমেই প্রমান হলো।