ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, দুই বোতল স্কাফ সিরাপ এবং ১৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার সিঙ্গারবিল মেরাশানী এবং একই ইউনিয়নের উথারিয়াপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের পশ্চিমপাড়ার মোঃ শাকিল আহমেদ, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোঃ খোকন মিয়া, গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মোঃ মিলন মিয়া ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মোঃ সোহাগ মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে বলা হয়, শনিবার গভীর রাতে বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের নিজ ঘর থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী মোঃ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।
একই রাতে অপর অভিযানে বিজয়নগর উপজেলার উথারিয়াপাড়া গ্রাম থেকে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী খোকন মিয়া, মিলন মিয়া ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
