এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে নোয়াখালী জেলা শহর মাইজদীতে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন দুই পরীক্ষার্থী। অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯)। তারা দুজনই নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তাদের পরীক্ষা কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে তারা দুজন একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে ফেলে। এরপর তাদের শরীরে থাকা স্বর্ণালংকার এবং সঙ্গে থাকা পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় সব নথিপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অমানবিকতার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করে অটোরিকশাচালক অচেতন দুই শিক্ষার্থীকে রাস্তায় ফেলে রেখে সটকে পড়েন।
স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়। বর্তমানে তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি দুই মেধাবী শিক্ষার্থী।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ছাত্রী, পরিক্ষা দিতে পারেননি