ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক–এর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বকেয়া বেতন ও ভাতার দাবিতে অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে কুমিল্লা ইপিজেডের শতাধিক শ্রমিক অংশ নেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধ না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নামেন। তাদের দাবি, শুধু কুমিল্লা নয়, সারাদেশে নাসা গ্রুপের সব শ্রমিকের পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও তারা সতর্ক করেন।

অবরোধের ফলে মহাসড়কের ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। তীব্র গরম পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।