নাটোরের নলডাঙ্গায় ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে সাগর নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাটুল বাজার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় মোটরসাইকেলযোগে পাটুল খোলাবাড়ি জিরো পয়েন্ট থেকে পাটুল বাজারের দিকে যাচ্ছিলেন ২০ বছর বয়সী যুবক সাগর। পথে পাটুল বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত চার্জার অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

​পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশা চালকও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠাই। সেখানে সাগর নামের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এই বিষয়ে থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।”

নিহতের মরদেহ বর্তমানে নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।