ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপি সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় সামগ্রী জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবির সুলতান ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস. এম. শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, গরু, মোবাইল ফোন ও গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় সাড়ে ২৩ লাক্ষ টাকা। অভিযানকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে ।
