ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও কবি আল মাহমুদ গবেষণা ও স্মৃতি পরিষদের আয়োজনে বাংলা কবিতার এক অনন্য নির্মাতা, মহাকালের কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে তাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী স্মরণোৎসব।

গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে তিনদিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ, স্মরণোৎসবের উপদেষ্টা ও পৌর সভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাহিত্য একাডেমীর সভাপতি ও মুক্তিযুদ্ধেও গবেষক কবি জয়দুল হোসেন, কবি ছানাউল হক, এইচ.এম. বাশার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন কবি আল মাহমুদ গবেষণা ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক লিটন হোসেন জিহাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আল মাহমুদ কেবল একজন কবি নন, তিনি বাংলা ভাষার মাটি, মানুষ, প্রেম, ইতিহাস ও আত্মপরিচয়ের এক অনন্য কণ্ঠস্বর। তাঁর কবিতায় যেমন গ্রামীণ বাংলার সৌন্দর্য্য ধরা পড়েছে, তেমনি উঠে এসেছে মানুষের সংগ্রাম, স্বাধীনতার চেতনা এবং শেকড়ের গভীর টান।

“লোক লোকান্তর”, “কালের কলস”, “সোনালি কাবিন” সহ তাঁর অসংখ্য কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যে স্থায়ী আসন করে নিয়েছে।

আলোচকরা আরো বলেন, সময়ের নানা বিতর্ককে ছাপিয়ে আল মাহমুদের সাহিত্য আজও পাঠকের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে তাঁর সাহিত্যচর্চার সাথে আরো গভীরভাবে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনদিনব্যাপী এই স্মরণোৎসবে আলোচনা সভা, কবিতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ এবং সাহিত্য বিষয়ক বিভিন্ন কর্মসূচী রয়েছে।