ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “খালা” পরিচয়ে শিশু শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার-(২০) নামে এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অপহরণের চেষ্টার শিকার শিশুর নাম জান্নাত আক্তার-(৫)। সে তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে শিশু শিক্ষার্থী জান্নাত আক্তার তার ক্লাসে ক্লাস করার সময় সুমাইয়া আক্তার বিদ্যালয়ে প্রবেশ করে নিজেকে “খালা” পরিচয় দিয়ে শিশু জান্নাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় শিক্ষকদের সন্দেহ হলে তারা জান্নাত আক্তারের মাকে খবর দেন। পরে জান্নাতের মা এসে জানান, ওই তরুনী তার বোন নয়, জান্নাতের খালা নয়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে এসে সুমাইয়াকে থানায় নিয়ে যান। আটককৃত সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়। সুমাইয়া বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, শিশু অপহরণের চেষ্টার ঘটনায় এক তরুণীকে আটক করা হয়েছে। স্কুল কতৃর্পক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শিশুটি বর্তমানে পরিবারের কাছে আছে।