দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪৭ জনে পৌঁছেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৮১৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া ১৩ হাজার ১৯৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে মোট ৯২ হাজার ৩১ জন হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৮ হাজার ৪১৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।