নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইয়াছিন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার খালপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন ওই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং ডিবি পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এসআই জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় গনিপুর এলাকার তুহিনের টিনের ঘরের সামনের পাকা রাস্তায় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ইয়াছিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার