নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র্যাব যৌথভাবে অংশগ্রহণ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার কেন্দুরবাগ পশ্চিম খালপাড়, এখলাশপুর কাতালবাড়ি ও চৌমুহনী চৌরাস্তা এলাকায় দিনব্যাপী এই অভিযান চালানো হয়। ইয়াবা ও গাঁজা সেবন এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জনশৃঙ্খলা নষ্ট করার দায়ে অভিযুক্তদের ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো নিজাম উদ্দিন (৩৬), ইউনিয়নের পশ্চিম খালপাড় এলাকার বাসিন্দা। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মো. জাহাঙ্গীর (৪৬): এখলাশপুর ইউনিয়নের কাতালবাড়ি এলাকার বাসিন্দা। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সাহাবউদ্দিন (৩০): তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সালাউদ্দিন (৩৩) ও সাগর হোসেন (২০): উভয়কে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই বিশেষ কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।
নোয়াখালীর বেগমগঞ্জে ৫ মাদকসেবীকে কারাদণ্ড