“চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”-এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকালে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার শিক্ষার্থী ও এলাকার সচেতন সমাজের উদ্যোগে মাদরাসা সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এতে মাদরাসার সুপার মাওলানা ছামিউল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম ফকির, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হক সরকার, শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।
সমাজের একশ্রেণির অর্থলিপ্সু মানুষ কোমলমতি শিশু কিশোর ও তরুণ-তরুণীদের বিভ্রান্ত করে তাদের হাতে মাদকদ্রব্য তুলে দিচ্ছে। তরুণদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতাকে ধ্বংস করে তাদেরকে ক্লান্তি, হতাশা ও নেশার জগতে নেওয়ার চেষ্টা করছে।
আমাদের ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে মাদকের অবাধ বিস্তার এখনই রুখে দিতে হবে। তারা মাদক ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।