জামালপুরের সরিষাবাড়ীতে সৎ বোনদের অধিকার ও প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাশেদুল ইসলাম জাকির। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বড় বোন মোর্শেদা পারভীন লিজা, নাদিরা ইয়াসমিন লুনা, ইউপি সদস্য মোস্তফা মিয়াসহ স্থানীয় এলাকাবাসী।
লিখিত বক্তব্যে ভাই রাশেদুল ইসলাম জাকির বলেন, আমার বাবা মোজাম্মেল হক তালুকদার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। আগের স্ত্রীর একটি ছেলে ও দুইটি মেয়ে আছে। পরের পক্ষের আমি একাই। আমার বাবার মৃত্যুর পর আমার মামার বাড়ী বীততারা ইউনিয়নের বাঁশ নিয়োগী এলাকায় আমার বাবার কেনা সম্পত্তি নিয়ে মামাদের সাথে বিরোধ ছিল। উক্ত সম্পত্তির বেশির ভাগ জমি আমার বোনদের মা (আমার সৎ মা) এর বাপের বাড়ী থেকে পাওয়া টাকায় কেনা জমি। আমার বোনদের নানীর বাড়ীর টাকা দিয়ে জমি কিনলেও জমির কোন কাগজেই আমার সৎ বোনদের কোন নাম নেই এমন কি বোনদেরকে ঐ সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে।
পরবর্তীতে বিষয়টি আমরা জানতে পেরে বিবেকের তাড়নায় আমি আমার মাকে বলি যেখানে বাবার সম্পত্তি আছে সেখান থেকে যেন আমার বোনদেরকে সম্পত্তি বঞ্চিত না করা হয়। আমার বোনদের প্রাপ্য সম্পত্তি যেন তাদের দেওয়া হয়। বিষয়টি নিয়েই আমার মামাদের সাথে বিরোধ বাধে।
পরে আমার মামা ফরিদ আমাদের বাড়ী থেকে আমার মাকে নিয়ে চলে যায়। পরে তারা বলে যে আমরা নাকি আমার মাকে বাড়ী থেকে বের করে দিয়েছি। আমরা এখানে মাকে কোনভাবেই বাড়ী থেকে যেতে বলিনি। তাকে বের করে দেওয়ার মতো কোন অপবাদ কিংবা কোন কথাই বলিনি। গ্রামবাসীর উপস্থিতিতে আমি আমার মাকে বলেছি যে মা আমার সাথে থাকবে। কিন্তু মামা বলেছে না আমরা রাশেদাকে নিয়ে যাব। তখন আমি বলেছি যে মামা যদি নিয়ে যায় তাহলে নিয়ে যাক। কিছুদিন পরে আমি গিয়ে নিয়ে আসবো। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য, আমার সম্মান, সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন কথা ছড়ানো হচ্ছে।