চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামে বিএনপির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বাবর আলী বাবুর বিরুদ্ধে, যদিও দলের কোনো কমিটিতেই তার পদ নেই।

স্থানীয়দের অভিযোগ, ছোটবেলা থেকেই চোরাকারবার ও মাদক ব্যবসায় জড়িত বাবু ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে হঠাৎ নিজেকে বিএনপি নেতা দাবি করতে শুরু করেন। নিজ খরচে গড়া দলীয় কার্যালয়কে ঢাল বানিয়ে প্রভাবশালী কিছু নেতার ছত্রছায়ায় মাদক ব্যবসা, জমি দখল ও প্রতিবাদকারীদের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছেন তিনি।

গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শাহিন, তরিকুল ইসলাম, সুইট, নজরুল ইসলাম, শাহিনুর শেখসহ গ্রামবাসী অভিযোগ করেন, মিথ্যা মাদক মামলার ভয় দেখিয়ে বাবু পুলিশ দিয়ে নিরীহ মানুষকে দিনরাত হয়রানি করাচ্ছেন। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মাদককারবারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে বাবর আলী বাবুর দাবি, পতিত আওয়ামী লীগের লোকজনই তাকে হেয় করতে গুজব ছড়াচ্ছে। তিনি স্বীকার করেন দলীয় পদ নেই, তবে জেলা বিএনপির সঙ্গে যোগাযোগ আছে।

দামুড়হুদা মডেল থানার ওসি মেসবাহ উদ্দিন শেখ বলেন, মাদক সংক্রান্ত খবরে পুলিশ যায়, তবে কোনো অনিয়ম হলে তা খতিয়ে দেখা হবে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।