চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়নের আর্তমানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন ‘স্বপ্ন ছায়া’ সফলতার সাথে তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংগঠনটি মঙ্গলবার (৭ জুলাই) দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
ফরিদগঞ্জ হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে প্রত্যন্ত অঞ্চলের প্রায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ক্যাম্পটিতে চিকিৎসাসেবা প্রদান করেন কুমিল্লার মেডিকেল কলেজের ডা. মোঃ সজিব হাওলাদার (এমবিবিএস, এমসিজিপি-মেডিসিন, বারডেম) এবং ডা. শংকর চন্দ্র (এমবিবিএস, এমসিজিপি-মেডিসিন, ডিভিএস-ডার্মাটোলজি ও ভেনেরিওলজি, সিসিডি-বারডেম, সিএমইউডি-আল্ট্রা)।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান-এর নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা অত্যন্ত নিষ্ঠার সাথে কার্যক্রম পরিচালনা করেন। ক্যাম্প চলাকালীন সংগঠনের কার্যক্রম নিয়ে কথা বলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোঃ রুহুল আমিন সেলিম (সহকারী প্রধান শিক্ষক, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়)। তিনি বলেন, “মানুষের সেবা করাই এই সংগঠনটির মূল লক্ষ্য। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্ন ছায়া। কোনো মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত না হয়, সেই অঙ্গীকার নিয়েই আমাদের এই পথচলা।”
তিনি আরও যোগ করেন, ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত ও সচেতন করে গড়ে তুলতে সংগঠনটি তাদের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
দিনব্যাপী এই আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, আইন বিষয়ক সম্পাদক হৃদয় খান, সম্মানিত সদস্য অনি পাটোয়ারী ও সোহেল চৌধুরীসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবী বৃন্দ।
ক্যাম্পের সফল সমাপ্তিতে সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান সকল চিকিৎসক, অতিথি এবং স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।