দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর ও কাবিটা (অর্থবছর ২০২৫–২৬) কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল হক ফারুক রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রশাসক মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, উন্নয়নের প্রতিটি প্রকল্প পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা গেলে আগামী পাঁচ বছরে উপজেলার কাঁচা রাস্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি উন্নয়নের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ যথাযথ ও স্বচ্ছভাবে ব্যয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি প্রকল্পের কাজ শুরুর আগে এবং শেষ হওয়ার পর ছবি সংরক্ষণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, এতে প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নের সঠিক তথ্য সংরক্ষিত থাকবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যেই গ্রামীণ অবকাঠামোয় দৃশ্যমান পরিবর্তন আসবে এবং কাঁচা রাস্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ নেই। সরকার জনগণের কল্যাণে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে, আর সেই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।