আন্তর্জাতিক হিপ্পো ইংলিশ অলিম্পিয়াড-২০২৬-এ এশিয়া অঞ্চলে প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে গাজীপুরের কালিয়াকৈরের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিনা নূর তাজ।
এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (৭ জুলাই) সকালে কালিয়াকৈরের আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

মাত্র আট বছর বয়সী সামিনা নূর তাজ ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. সানোয়ার হোসেন মামুন এবং মা মোছা. তাজিমা খাতুন। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার মেস্তা গ্রামে হলেও বর্তমানে পরিবারসহ কালিয়াকৈরে বসবাস করছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, থাইল্যান্ডে অনুষ্ঠিত Hippo International English Olympiad 2026-এ অংশ নিয়ে এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সামিনা। আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়ার আগে সে গত ২৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত প্রথম বাছাই পর্ব এবং ২৩ মে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত জাতীয় পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভার্সাল রাউন্ড-এ বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে সামিনা নূর তাজ।

সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামিনা তার এই সাফল্যের জন্য শিক্ষক, বাবা-মা এবং বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তাদের সহযোগিতা ও উৎসাহই তাকে এই অর্জনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান আলহাজ জলিল উদ্দিন, অধ্যক্ষ দিলওয়ার হোসেন, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক হুমায়ুন কবির এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পবিত্র কুমার বাকালিসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান জলিল উদ্দিন বলেন, সামিনা নূর তাজ শুধু প্রতিষ্ঠানের নয়, পুরো বাংলাদেশের গর্ব। তার মেধা বিকাশে প্রতিষ্ঠান সব সময় পাশে থাকবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, সামিনার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সব ধরনের শিক্ষাব্যয় প্রতিষ্ঠান বহন করবে, যাতে সে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে পারে।