ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) কর্মসূচির আওতায় উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর মেইন রোড থেকে সাইয়াউক পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১-আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম.এ.হান্নান রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম.বশির উদ্দিন তুহিন, ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল কাদির, চাপরতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এ.হান্নান এমপি বলেন, ‘সরকার দেশের প্রান্তিক পর্যায়ে গ্রামীণ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান সহজ ও গতিশীল করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) কর্মসূচির আওতায় উপজেলার দৌলতপুর মেইন রোড থেকে সাইয়াউক পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার পুনঃ নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
