নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত মাধবপুর ক্যাথলিক চার্চ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে চার্চটির সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর রোববার (৫ জুলাই) বিকেলে চার্চ প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার কায়সার কামাল বর্তমানে বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে চার্চ ভবনটির অবকাঠামোগত অবস্থা নাজুক হওয়ায় সাপ্তাহিক প্রার্থনা, ধর্মীয় সভা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা যথাযথভাবে আয়োজন করা সম্ভব হচ্ছিল না। সংস্কারকাজ সম্পন্ন হওয়ার ফলে এখন ধর্মীয় কার্যক্রম স্বাভাবিক পরিবেশে পরিচালনা করা যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার সময় ব্যারিস্টার কায়সার কামাল মাধবপুর এলাকায় গিয়ে চার্চটির দুরবস্থার কথা জানতে পারেন এবং নির্বাচিত হলে এটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পরে সংসদ সদস্য এবং পরবর্তীতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর তাঁর উদ্যোগে চার্চটির সংস্কারকাজ সম্পন্ন হয়। স্থানীয়রা জানান, এ উদ্যোগে দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়িত হয়েছে।

সংস্কারকাজ শেষ হওয়ায় আয়োজিত বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় স্থানীয় খ্রিস্টান ধর্মযাজক, চার্চ পরিচালনা কমিটির সদস্য, ধর্মপ্রাণ নারী-পুরুষ, যুবসমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সেলেস্টিল রিছিল, ড. অঞ্জন চিছাম, অনিল চরমা, মিথুন আরেং, দীপঙ্কর সাংমা এবং স্টেলা আরেংসহ স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ধর্মীয় অধিকার ও উপাসনালয়ের উন্নয়নে সহযোগিতা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানকে আরও শক্তিশালী করে। তাঁদের মতে, মাধবপুর ক্যাথলিক চার্চের সংস্কার শুধু একটি ভবনের অবকাঠামোগত উন্নয়ন নয়; এটি স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা।

ড. অঞ্জন চিছাম বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর-কলমাকান্দা এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

সভার শেষে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকা প্রয়োজন।