মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতারণা ও সাইবার ঝুঁকি মোকাবেলায় সরকার সাতটি পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এস এম জাহাঙ্গীর হোসেন-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থার বিস্তারের সঙ্গে সঙ্গে মোবাইল ব্যাংকিং একটি সহজ ও জনপ্রিয় পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তবে ব্যবহারকারীদের অসতর্কতা—যেমন পিন বা পাসওয়ার্ড শেয়ার করা, অনিরাপদ ডিভাইস ব্যবহার—এবং প্রতারকদের কৌশলগত অভিযোজনের কারণে ঝুঁকিও তৈরি হচ্ছে।
তিনি জানান, এ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক-এর তত্ত্বাবধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—
- একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি এমএফএস সেবাদাতার সঙ্গে একটিমাত্র হিসাব চালুর নির্দেশনা;
- গ্রাহকের মোবাইল নম্বর এনআইডির সঙ্গে সামঞ্জস্য যাচাইয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সঙ্গে সমন্বয় জোরদার;
- পিন সুরক্ষা ও প্রতারণা প্রতিরোধে গণসচেতনতা কার্যক্রম;
- এমএফএস এজেন্টদের ওপর নজরদারি বৃদ্ধি এবং অস্বাভাবিক লেনদেনে ব্যবস্থা গ্রহণ;
- গ্রাহক অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা;
- আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান;
- সন্দেহজনক লেনদেনের তথ্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এ প্রতিবেদন আকারে পাঠানো এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ।
এছাড়া অনলাইন ব্যাংকিং সেবায় নিরাপত্তা জোরদারে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু রয়েছে, যা লেনদেনকে আরও সুরক্ষিত করে।
অর্থমন্ত্রীর মতে, এসব সমন্বিত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় প্রতারণা কমানো এবং গ্রাহকের আস্থা বাড়ানো সম্ভব হবে।