নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাসকান্দা গ্রামের একটি বাড়ির পেছনের সড়কে এ ঘটনা ঘটে। রোববার (৫ জুলাই) সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং মাদকসংক্রান্ত অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) এবং চারিয়া-মাসকান্দা গ্রামের আলী আকবর (২৮)।
আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) হায়দার আলী (রানা), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকিব, কনস্টেবল আমিনুল ইসলাম, খোকন ও রনজিৎ সিংহ।
অভিযানের সময় হামলার অভিযোগ
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করতে গেলে তাঁদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলার মধ্যেও পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
দুটি মামলা দায়ের
এ ঘটনায় এসআই হায়দার আলী বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এছাড়া বিশেষ ক্ষমতা আইনে পৃথক আরেকটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে ওই মামলার আরও দুজন আসামির পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।
পুলিশের বক্তব্য
নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দেব বলেন, গ্রেপ্তার আলী আকবর প্রায় দুই মাস আগে ৬০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে সম্প্রতি কারাগার থেকে বের হওয়ার পর আবারও মাদক কারবারে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, আহত পুলিশ সদস্যদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।