দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৪৫ জন।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।