নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ভবানীপুর এলাকায় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত গোলাটি নিরাপদে নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দলের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার ভবানীপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১১৫৫/১০-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের একটি নালা থেকে গোলাটি উদ্ধার করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন শিশু নালায় মাছ ধরতে গিয়ে কাদার মধ্যে ভারী ধাতব একটি বস্তু দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দা আমজাদ আলী (৩০) বিষয়টি জানতে পেরে সতর্কতার সঙ্গে বস্তুটি নালা থেকে তুলে নিরাপদ স্থানে রাখেন এবং তাৎক্ষণিকভাবে ভবানীপুর বিওপি কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করে এটিকে ৬০ মিলিমিটার ক্যালিবারের একটি অবিস্ফোরিত মর্টার শেল বলে প্রাথমিকভাবে শনাক্ত করে।

জননিরাপত্তার স্বার্থে গোলাটির চারপাশে বালুর বস্তা দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং সেখানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে।

এ বিষয়ে ৩১ বিজিবি-এর অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) বলেন, উদ্ধার হওয়া মর্টার শেলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে নিরাপদ উপায়ে গোলাটি নিষ্ক্রিয় বা ধ্বংস করার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, বোম্ব ডিসপোজাল দলের কার্যক্রম শেষ হওয়ার পর প্রয়োজনীয় বিস্তারিত তথ্য জানানো হবে।

বিজিবি স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু চোখে পড়লে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে।