জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক উন্নয়ন ও সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় স্থাপিত সোলার প্যানেল কার্যক্রম উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে হাসপাতালের নতুন অপারেশন থিয়েটারেরও উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, সোলার প্যানেল চালুর ফলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও হাসপাতালের জরুরি সেবা চালু রাখা সহজ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় উপজেলার উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

পরে লাউচাপড়া বিনোদন কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল, আনসার ও ভিডিপি সদস্যদের টর্চলাইট ও ছাতা এবং কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এ ছাড়া সামাজিক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে কয়েকজন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারা।