স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যসেবায় দায়িত্বে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যখাতে দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা ঘুষ-দুর্নীতি বরদাশত করা হবে না। কেউ দায়িত্বে অবহেলা বা দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, এমনকি চাকরিচ্যুতির মতো পদক্ষেপও নেওয়া হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “স্বাস্থ্যখাতে সেবার মান উন্নয়ন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে জবাবদিহি নিশ্চিত করা হবে। দুর্নীতি ও ঘুষের সংস্কৃতির কোনো স্থান নেই।”

তিনি জানান, সরকার পর্যায়ক্রমে দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আরও কার্যকর করা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছে। এর মাধ্যমে দেশের মানুষের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট কেবল অর্থ বরাদ্দের বিষয় নয়; এটি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে বাস্তবায়নের একটি অঙ্গীকার। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দুর্নীতিমুক্তভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

এ সময় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্য হারুনুর রশীদ হারুন, আবু ছালেহ চৌধুরী, মোহসীন হোসাইন বিদ্যুৎ, আমিনুল হক বাচ্চুসহ সমিতির সদস্য, চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।