ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে দায়িত্ব পালনকারী নির্বাচন এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নির্বাচন এজেন্ট, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আক্তারুজ্জামান বাচ্চু নির্বাচন চলাকালে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় নির্বাচন এজেন্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের সমর্থন, নেতাকর্মীদের ঐক্য এবং নির্বাচন এজেন্টদের নিরলস প্রচেষ্টার সমন্বয়েই নির্বাচনী সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছে, তা বাস্তবায়নে তিনি সকলকে সঙ্গে নিয়ে গফরগাঁওয়ের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করবেন। পাশাপাশি ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করা এবং জনগণের পাশে থেকে কাজ চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় নির্বাচন-পরবর্তী সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে নির্বাচন এজেন্টদের সঙ্গে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, নির্বাচন এজেন্ট এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।