ময়মনসিংহের গফরগাঁওয়ে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দক্ষ, সৃজনশীল এবং মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোহেল রানা চৌধুরী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি, গফরগাঁও শাখার পরিচালক আকলিমা আক্তার (সাথী)।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।