জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর ইটভাটা সংলগ্ন সরিষাবাড়ী-দিকপাইত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন মিয়া জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আপন মিয়া স্থানীয় একটি সমবায় সমিতিতে চাকরি করতেন। শনিবার দুপুরে কিস্তির টাকা সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আহত অবস্থায় আপন মিয়াকে হাসপাতালে পাঠানো হলেও পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ।