ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফুল মেহের-(৭৯) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ বৃদ্ধার শরীরে থাকা স্বর্ণালংকার লুট করে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার দুলারামপুর গ্রামের বাবর আলী সরকারের বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিলো। নিহত ফুল মেহের উপজেলার সোনারামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আনু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পাঁচ দিন আগে ফুল মেহের তার বাবা মৃত তারু মিয়ার বাড়ি দুলারামপুর গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার গ্রামের সকালে বাবর আলী সরকারের বাড়ির উঠানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের বড় ছেলে মোস্তাফা কামাল অভিযোগ করে বলেন, তার মাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার সময় তার মায়ের গলায় ও কানে থাকা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার লুটে নেয়া হয়। তার ধারণা, স্বর্ণালংকার লুটের সময় তার মা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, বুধবার দুপুরে প্রতিবেশী মিনা নামে এক নারী তার মাকে খাবারের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তার লাশ উদ্ধারের খবর পান। এ ঘটনায় জড়িতদের দ্রæত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, “গলায় রশি পেঁচানো অবস্থায় ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
