জাপানের ওকিনাওয়া প্রদেশের হিরারা শহরের উত্তর-পূর্ব উপকূলীয় সাগরে শুক্রবার (৩ জুলাই) ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

Advertisement

ভূমিকম্পের পর জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করলেও পরিস্থিতি মূল্যায়নের পর তা প্রত্যাহার করে নেওয়া হয়।

এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য পরাঘাত (আফটারশক) ও সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় সেখানে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এ কারণে দেশটিতে ভূমিকম্প মোকাবিলায় উন্নত সতর্কতা ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।